Monday, January 18, 2016

একান্ত প্রেমিক



          একান্ত প্রেমিক

তোমার জানুয়ারী মোড়া থাকে শুভেচ্ছায়
শুভ জন্মদিন, নববর্ষ  আর বইমেলায়,
এখনও কি মনে পড়ে ফেলে আশা বসন্তের কথা
এখনও কি ঠিক একইভাবে কুয়াশায় মুখ ঢাকে কলকাতা ?

আলোর স্রোতে ভেসে গেছে আমার শহর
মুহূর্তে বদলেছে বেপরোয়া ভালবাসার অভিধান  
সস্তার উৎসব শেষে ঘরে ফেরার পর
কেউ কি খোঁজ রেখেছে , তোমার জমানো অভিমান ।

বিষণ্ণতা ঢেকে সানগ্লাসে , নিস্পলক
তোমার আঙ্গুল ছুঁয়ে গেছে প্রেমিকের হাত
স্বেচ্ছায়  মুছেছ বেহিসাবি স্মৃতির ফলক
আজও বুকপকেটে আমার ,লোকানো পারিজাত ।

হয়তো আজ নয় আগামীতে , অন্য কোন জানুয়ারিতে, 
শূন্যতা মেখে দুহাতে , তোকে পেতে চাওয়া বার বার
কুয়াশার ছদ্মনামে  চিঠি আসে নীল  খামে
প্রতি রাতে স্বপ্ন দেখি   তোর একান্ত প্রেমিক হবার ।।



Sunday, November 29, 2015

কে রাখবে গোলাপ ?



এই তো কেমন হাত রেখেছ ট্রিগারে
আমিও হয়েছি বেয়ারারকম গা- সওয়া
হৃদয়? না কি বোম বেঁধেছ বুক জুড়ে
প্যারিসে  হঠাৎ সন্ধ্যা হল । রক্তে ধোয়া ।

আমিও পারি বুঝিয়ে দিতে , ধর্মান্ধতার দাম কত !
আমিও পারি মারের বদলা মার দিতে
ধ্বংসের শেষে মৃত্যু শুধু প্রশ্ন করত
কে রাখবে গোলাপ তোমার-আমার সমাধিতে ?

তোমার বুলেট খুঁজছে আস্তানা,
আমার মাথা  মোটেও সস্তা না
শুধু  পুষছি স্বপ্ন হাজার,
সিরিয়াতে শুধুই ফুলের বাজার।

আগামী কাল পৃথিবীতে,গ্রীষ্মে ,শীতে আর বসন্তে
শান্তি নামবে বাগদাদে আর ফুল ফুটবে প্যারিতে ।।



Friday, July 17, 2015

মন খারাপের ছদ্মনাম



বেয়াক্কেলে আকাশে আজ অগছালো  মেঘের উঁকি
ফেলে আসা বিকেলটাকে যত্ন করে তুলে রাখি ।
 
যদি এখনি ঝরে পড়ে আকাশের কান্না যত
শহর আবার ভাসবে জলে,তোমার দেখা পাব না তো !

জলজ্যান্ত রোমিয় আমি জুলিয়েট না হয় তুমিই হ’তে -
দেখা হ’লে ভিজতাম দুজনে আজ একইসাথে ।

বৃষ্টিভেজা সন্ধ্যাবেলা মন খারাপের ছদ্মনাম
চুপিসারে তোমার নামে এই চিঠিটা পাঠালাম ;

অসমাপ্ত কবিতাগুলো খুব জোরসে ভিজছে জলে
কাগজের নৌকারা সব তোমার বাড়ি   ভেসে চলে ।।
                             
                                                                    

                              সুমন দাস