kobitar sondhane
Wednesday, June 10, 2026
গত শীতের মতো একরাশ অভিমান।
ইদানিং তোমায় কিছুই লিখিনি
সেই বানানভুলের খামখেয়ালি চিঠি,
‘তোমায় ভালোবাসি’-র নাছোড়বান্দা কবিতা,
‘তোমাকে চাই’-এর মতো পিছুটান লেগে থাকা গান—
একসময় সব কিছুই ফিকে হয়ে আসে,
শুধু মনে থাকে
গত শীতের মতো একরাশ অভিমান।
কিছু হাঁটা গন্তব্যের জন্য নয়।
ভালোবাসার সমস্ত সম্ভাবনা খারিজ করে
আপাতত এস—
দুমুঠো পথ হেঁটে যাই একসাথে।
যেভাবে একটা শুকিয়ে যাওয়া নদীর পার ধরে
হেঁটে সমুদ্রে পৌঁছানো যায়,
ঠিক সেভাবেই—
তুমি আর আমি
হাত ধরে হেঁটে যাচ্ছি
রূপকথার ভেতরে…
আরো ভেতরে।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)